আজ কক্সবাজার যাচ্ছেন সিইসি
ছবি: সংগৃহীত
০১:০০ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
তিন দিনের সরকারি সফরে আজ (২০ ফেব্রুয়ারি) কক্সবাজার যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সচিবালয়ের এক অফিস আদেশের মাধ্যমে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
সূচি অনুযায়ী, শুক্রবার দুপুর আড়াইটায় তিনি রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ৪৩৭) কক্সবাজারের পথে যাত্রা করবেন সিইসি। বিকেল ৫টায় কক্সবাজার পৌঁছানোর পর সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন, ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টায় কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়ার উদ্দেশে রওনা হবেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সেখানে তিনি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে মগনামা ঘাট হয়ে তিনি পুনরায় কক্সবাজার সার্কিট হাউজে ফিরে আসবেন এবং দ্বিতীয় রাতটিও সেখানেই কাটাবেন।
সফরের শেষ দিন, ২২ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে (টুএ ৪৪৪) ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর ২টা ৪৫ মিনিটে তাঁর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে।
সিইসির এই তিন দিনের সফরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
টিজে/এসএন