চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি
ছবি: সংগৃহীত
০৩:৫৩ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
অপেক্ষার প্রহর শেষে অবশেষে‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরু হতে চলেছে। পুরোদমে চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি।
কাঠের ফ্রেমে হাতুড়ির শব্দ আর চারপাশে রঙের আচরে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান আর কেন্দ্রীয় শহীদ মিনার। আয়োজন বলে দিচ্ছে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।
বাঙালির প্রাণের আবেগে পূর্ণ অমর একুশে বইমেলা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। জাতীয় নির্বাচনের কারণে প্রায় এক মাস পিছিয়ে শুরু হতে চলেছে এবারের বইমেলা।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে চলছে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজক আর প্রকাশকদের দ্বিমুখী অবস্থানে মেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও স্টল ফি মওকুফের ঘোষণায় স্বস্তিতে প্রকাশক এবং স্টল মালিকরা।
তবে রোজা আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবারের আয়োজন কতটা জমে উঠবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে আয়োজকদের প্রত্যাশা, এবারের বইমেলাও জমে উঠবে লেখক পাঠকের সমারোহে।
সংস্কারের নতুন বাংলাদেশে এবার শুধু প্রকাশক নন, বইপ্রেমীরাও অপেক্ষায় বাঙালির সংস্কৃতি, সাহিত্য ও চেতনার অন্যতম বড় মিলনমেলার জন্যে। সময়ের সীমাবদ্ধতা থাকলেও বইপ্রেমীদের পদচারণায় মুখর হবে গোটা মেলা প্রাঙ্গণ এমনটাই প্রত্যাশা সবার।
প্রসঙ্গত, সব প্রস্তুতি শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে অমর একুশে বইমেলা। নির্বাচনের কারণে দেরিতে শুরু হলেও বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
এমআই/টিকে