গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না : গণপূর্ত মন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:৪৮ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি ও অপব্যয় হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিগত সরকারের প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, ‘আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ। তিনি যেদিনই লিডার অব দ্য হাউস নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে। অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব।’
তিনি আরো বলেন, ‘আমার মাত্র দু’দিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারি নয়। আমরা চেষ্টা করব যেন কোনো অপব্যয় না হয়।’
প্রসঙ্গত, জাকারিয়া তাহের কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। নির্বাচিত হওয়ার পর আজ নিজ এলাকায় গেলে বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
এমআর/টিএ