৩ দিনের সফরে কক্সবাজারে প্রধান নির্বাচন কমিশনার
ছবি: সংগৃহীত
০৮:২২ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
তিন দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজার এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিইসিকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে কক্সবাজার সার্কিট হাউজে যায় সিইসির গাড়ি বহর, সেখানে তার রাত্রিযাপনের কথা রয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে কুতুবদিয়া থেকে আবার কক্সবাজারে ফিরে আসবেন এবং রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, ব্যক্তিগত সফর হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজারে এসেছেন। রোববার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।
প্রসঙ্গত, ১৯৫৩ সালের ১ জুলাই নাসির কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রায় ৩৫ বছর পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন তিনি।
এমআর/টিএ