কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেটি এখন বিবেচ্য নয়: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৩৭ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা ভালো কাজ করবো, ভালো কাজের মাধ্যমে সুন্দর দেশ গড়বো। সবাইকে সাথে নিয়েই আমরা দেশ চালাবো।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজ এলাকা লালমনিরহাটে এসে শুভেচ্ছা বিনিময় সভায় এ কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেটি এখন বিবেচ্য নয়। সবাইকে সঙ্গে নিয়েই লালমনিরহাট গড়ে তোলা হবে। আমার নাম ভাঙিয়ে কোথাও কোনো সুবিধা নেয়ার চেষ্টা যেন কেউ না করে। ভালো কাজের মাধ্যমে নিজ নিজ অবস্থান তৈরি করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, অতীতে অহংকারের পরিণতি কী হয়েছে তা সবারই জানা। তাই আমরা সকলের সাথে মিলেমিশে এগিয়ে চলবো।
মন্ত্রী আরও জানান, দায়িত্ব নেয়ার পর তিনি সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং লালমনিরহাটের দীর্ঘদিনের গুরুতর সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেয়ার প্রচেষ্টা করছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এসকে/টিকে