© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনামিকার কোন জিনিস চুরি করে নিলেন অভিনেতা উদয়?

শেয়ার করুন:
অনামিকার কোন জিনিস চুরি করে নিলেন অভিনেতা উদয়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
ছোটপর্দার দুই পরিচিত মুখ উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। পর্দার বাইরে তাঁদের দাম্পত্য জীবনও বরাবরই অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রে। এবার সেই সংসারেই ঘটল মজার এক ‘চুরির’ কাণ্ড, যা ঘিরে হাসির রোল নেটদুনিয়ায়।

বর্তমানে পরিণীতা ধারাবাহিকে ‘রায়ান’ চরিত্রে অভিনয় করে নজর কাড়ছেন উদয়। দর্শকপ্রিয়তার তালিকাতেও ভালো ফল করছে ধারাবাহিকটি। সেই টিআরপি-সফল নায়কই নাকি এবার চুরি করে বসেছেন স্ত্রীর উপহার। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন অনামিকা। সেখানে তাঁকে প্রশ্ন ছুঁড়ে দিতে শোনা যায়, কেন তাঁর উপহার চুরি করা হল। ক্যামেরা ঘুরতেই দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে উদয়, নিজের চুল ঠিক করছেন আর গুনগুন করে গান গাইছেন। অনামিকা জানান, টি-শার্টটি তাঁকে উপহার দিয়েছিলেন রিয়াজ, আর সেটাই নাকি নিয়ে নিয়েছেন উদয়। উত্তরে গানের সুরে সুর মিলিয়ে উদয়ের দাবি, পোশাকটি তাঁরই বেশি মানিয়েছে। অনামিকার কপট রাগ, স্বামীকে সরাসরি চোর বলে সম্বোধন সব মিলিয়ে মুহূর্তটি হয়ে উঠেছে মজাদার।

প্রায় দুই বছর আগে দীর্ঘদিনের প্রেমের পর ২০২৩ সালের ২৮ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন উদয় ও অনামিকা। উত্তরবঙ্গের পাহাড়ঘেরা পরিবেশে ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে চার হাত এক হয়েছিল তাঁদের। বিয়ের সময় উদয়কে মূলত পার্শ্ব চরিত্রে দেখা যেত। মিঠাই ও নিম ফুলের মধু-র মতো ধারাবাহিকে নায়কের ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। বলা যায়, বিয়ের পরই তাঁর কর্মজীবনে বড় পরিবর্তন আসে, ‘পরিণীতা’-তে কেন্দ্রীয় চরিত্রের সুযোগ মেলে।



তবে সুখের এই ছবির মাঝেই গত কয়েক মাস ধরে তাঁদের বিচ্ছেদ নিয়ে বারবার জল্পনা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যম থেকে কিছু ছবি মুছে ফেলা নিয়েই শুরু হয় আলোচনা। যদিও দু’জনেই স্পষ্ট জানিয়েছেন, বিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, তবু গুঞ্জন থামেনি।

এদিকে অনামিকার কর্মজীবনও এখন সহজ সময়ের মধ্যে নেই। একসময় ছোটপর্দার জনপ্রিয় মুখ হলেও সাম্প্রতিক সময়ে কাজ কমে যাওয়ার কথা নিজেই স্বীকার করেছেন তিনি। এমনকি অতিরিক্ত ওজন নিয়ে কটাক্ষের শিকার হওয়ার কথাও জানিয়েছেন এক সাক্ষাৎকারে। তার মাঝেই স্বামী-স্ত্রীর এই খুনসুটি যেন অনুরাগীদের আশ্বস্ত করে সব ঠিক আছে তাঁদের মধ্যে।

সব মিলিয়ে, উপহার চুরির এই মজার ঘটনা যেমন হাসিয়েছে দর্শকদের, তেমনি আবারও সামনে এনেছে তাঁদের সম্পর্কের সহজ, প্রাণবন্ত দিকটি।

পিআর/টিকে

মন্তব্য করুন