চিরদিনই তুমি যে আমার থেকে বাদ পড়লেন অভিনেত্রী তন্বী?
ছবি: সংগৃহীত
০৯:১৮ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় মেগা চিরদিনই তুমি যে আমার-এ ‘মীরা’ চরিত্রটি বরাবরই দর্শকের আলোচনার কেন্দ্রে। ধূসর ছায়া মেশানো এই চরিত্রে অভিনয় করে আলাদা মাত্রা যোগ করেছিলেন তন্বী লাহা রায়। কিন্তু সাম্প্রতিক পর্বগুলিতে আর দেখা যাচ্ছে না তাঁকে। আর ঠিক এই সময়েই তাঁর একটি সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।
সম্প্রতি নিজের একটি ছবি প্রকাশ করে তন্বী লেখেন, তাঁর গল্প নাকি অসম্পূর্ণই থেকে গেল। সূর্যাস্তের পটভূমিতে তোলা সেই বিষণ্ণ ছবির সঙ্গে এমন ক্যাপশন দেখে অনুরাগীদের মনে প্রশ্নের ঝড় ওঠে। কেন হঠাৎ এমন মন্তব্য? তবে কি ‘মীরা’র পথচলা সত্যিই শেষ?
জল্পনা আরও ঘনীভূত হয় যখন এক অনুরাগী জানতে চান, ধারাবাহিকে তিনি কবে ফিরবেন। উত্তরে তন্বীর আক্ষেপভরা বার্তা তাঁকে নাকি আর চাওয়া হচ্ছে না, অথচ দর্শকরা তাঁকে চান। এই মন্তব্য থেকেই অনেকের ধারণা, হয়তো চ্যানেল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁকে ফেরানোর পরিকল্পনা নেই। যদিও এখনো নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবু অভিনেত্রীর কথাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তার আবহ।
বর্তমান গল্পে ‘মীরা’র অনুপস্থিতি মেনে নিতে পারছেন না অনেক দর্শক। চরিত্রটির ধূসর মনস্তত্ত্ব, আবেগ আর দ্বন্দ্ব ধারাবাহিকের নাটকীয়তা বাড়িয়েছিল। তাই তাঁর হঠাৎ অন্তর্ধানে গল্পের গতি নিয়েও প্রশ্ন উঠছে।

ব্যক্তিগত জীবনেও গত কয়েক মাস তন্বীর জন্য সহজ ছিল না। এক বছর আগে মাকে হারানোর শোক, তারপর অভিনেতা রাজদীপ গুপ্ত-র সঙ্গে সম্পর্ক ভাঙা সব মিলিয়ে মানসিক চাপের মধ্যেই রয়েছেন তিনি। কর্মজীবনেও চলছে ছোট্ট বিরতি। এর আগে মিঠাই-এ তোর্সা ওরফে টেসবুড়ি চরিত্রে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তন্বী। পরে ‘মীরা’ হিসেবেও নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন।
এখন প্রশ্ন একটাই ‘মীরা’ কি সত্যিই আর ফিরবে না? নাকি দর্শকদের ভালোবাসাই বদলে দেবে সিদ্ধান্ত? তন্বীর সেই ‘অসম্পূর্ণ গল্প’ আদৌ পূর্ণতা পাবে, না কি ধূসর স্মৃতিতেই আটকে থাকবে সেটাই এখন দেখার।
পিআর/টিকে