চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ার বার্তা জাপানের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৯:০৭ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
চীনের সঙ্গে “স্থিতিশীল” সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বেইজিংয়ের সঙ্গে নিয়মিত সংলাপ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
চীনকে প্রতিবেশী দেশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাকাইচি বলেন, ‘জাপান সরকার জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে শান্ত ও দায়িত্বশীলভাবে প্রতিক্রিয়া জানাতে এবং চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ৬৪ বছর বয়সী তাকাইচি চলতি সপ্তাহে পুনর্নির্বাচিত হয়ে জাপানের ১০৫তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর সংসদ সদস্যদের উদ্দেশে এটি ছিল তার প্রথম নীতিগত ভাষণ।
এর আগে, ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আকস্মিক নির্বাচনে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ভাষণে প্রধানমন্ত্রী তাকাইচি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত অবসানের আহ্বান জানান। তিনি বলেন, ‘জাপান সমমনা দেশগুলোর সঙ্গে একযোগে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে।’
রাশিয়ার সঙ্গে জাপানের সম্পর্ককে জটিল পরিস্থিতির মুখে রয়েছে বলে বর্ণনা করে তিনি বলেন, ‘আঞ্চলিক বিরোধের সমাধান এবং একটি শান্তিচুক্তি সম্পাদনের ক্ষেত্রে টোকিওর নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে।’
কেএন/টিএ