রহস্যময় সিরিয়াল কিলারের চরিত্রে চঞ্চল
ছবি: সংগৃহীত
০২:৪৮ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
দুই বছর আগে ‘চালচিত্র’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছিল জিয়াউল ফারুক অপূর্বর। রহস্যময় এক চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তিনি।
দুই বছর পর এবার আসছে সেই সিনেমার প্রিক্যুয়াল। তবে এবার বড় পর্দায় নয়, গল্পটি হাজির হচ্ছে ওয়েব সিরিজ হিসেবে। ‘চালচিত্র : দ্য একচালা মার্ডারস’ নামের নতুন এই সিরিজে রহস্যময় এক সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সম্প্রতি সিরিজে তার লুক প্রকাশ করেছেন নির্মাতা।
জানানো হয়েছে, আগামী ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। ‘চালচিত্র’ সিনেমায় ব্রাত্য বসু অভিনীত ভুবন হালদার চরিত্রটির তরুণ বয়সে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। সাধারণ একজন মানুষ কীভাবে ধীরে ধীরে সিরিয়াল কিলারে পরিণত হয়, সেই রূপান্তরের নেপথ্যের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অতীত ইতিহাসই উঠে আসবে সিরিজের গল্পে।
চঞ্চল ছাড়াও ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’-এ অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ আরও অনেকে। নতুন চরিত্র প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এক সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছি, সিনেমায় যে চরিত্রটি ব্রাত্য বসু করেছিলেন। চরিত্রটির অনেক লেয়ার আছে। তবে গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাবে না, এর জন্য দর্শককে অপেক্ষা করতে হবে।’
এদিকে কলকাতার আরও দুটি সিনেমার কাজ সম্প্রতি শেষ করেছেন চঞ্চল। এর একটি ব্রাত্য বসুর ‘শেকড়’, অন্যটি সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’। ‘শেকড়’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি দুটি গানে কণ্ঠও দিয়েছেন এই অভিনেতা। সিনেমা দুটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেশের দর্শকদের জন্যও অপেক্ষায় আছে চঞ্চল অভিনীত নতুন সিনেমা ‘আন্ধার’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি এবারের দুর্গাপূজায় মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এসএ/টিএ