© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বর্তমান সরকারই ২৪- এর শহীদদের রক্তের ঋণ শোধ করবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
বর্তমান সরকারই ২৪- এর শহীদদের রক্তের ঋণ শোধ করবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমান সরকারই চব্বিশের শহীদদের রক্তের ঋণ শোধ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান- সবই ছিল সাম্য, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। দীর্ঘ সংগ্রামের পর জনগণের রায়ে গঠিত বর্তমান সরকারই একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাট শহরের ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুল বারী বলেন, ‘সালাম-বরকতদের রক্তে ভেজা রাজপথ আমাদের শোষণহীন সমাজের স্বপ্ন দেখিয়েছে। ১৭ বছরের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন ও সাম্প্রতিক ছাত্র-জনতার বিপ্লবের লক্ষ্য ছিল একই।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সম্পদের সুষম বণ্টন, আইনের শাসন ও মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলা হবে। শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, প্রশাসনে পদায়ন ও মূল্যায়নের একমাত্র মাপকাঠি হবে সততা, দক্ষতা ও মেধা। এর কোনো বিকল্প নেই। একটি ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এ সময় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করে। এ উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানারকম আয়োজন রয়েছে বলে জানা গেছে।

এসকে/টিএ

মন্তব্য করুন