© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্নোইয়ের নিশানায় সালমানের ভগ্নীপতি!

শেয়ার করুন:
বিশ্নোইয়ের নিশানায় সালমানের ভগ্নীপতি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০১ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের প্রভাবশালী পরিবারগুলোর একটি হিসেবে পরিচিত সালমানের পরিবারে যেন অশান্তির ছায়া কাটছেই না। একের পর এক হুমকির ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এবার নিশানায় অভিনেতার ভগ্নীপতি আয়ুষ শর্মা। সম্প্রতি তাঁর কাছে পৌঁছেছে এক হুমকিমূলক বার্তা, যা ঘিরে শুরু হয়েছে জোর তদন্ত।

সূত্রের খবর, গত কয়েক দিন আগে আয়ুষের ইমেল ঠিকানায় একটি হুমকি বার্তা আসে। দাবি করা হয়, বার্তাটি পাঠানো হয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই-এর পক্ষ থেকে। শুধু হুমকিই নয়, তাঁর কাছে কয়েক কোটি টাকা চাওয়া হয়েছে বলেও জানা গেছে। বার্তাটি পাঠানো হয়েছে একটি সুরক্ষিত ইমেল পরিষেবার মাধ্যমে, যার সাংকেতিক পদ্ধতি সাধারণভাবে অনুসন্ধান করা কঠিন।

এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ-এর অপরাধদমন শাখা। ইতিমধ্যে আয়ুষের ঘনিষ্ঠ সহকারীর বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, সংশ্লিষ্ট বার্তাটি সুইডেন থেকে পাঠানো হয়েছে। সে কারণে আন্তর্জাতিক পর্যায়েও যোগাযোগ শুরু হয়েছে। সুইডেনের তদন্তকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য আদানপ্রদান করা হচ্ছে বলে জানা গেছে।



উল্লেখ্য, এর আগেও একাধিকবার সলমন খানকে ঘিরে হুমকির খবর সামনে এসেছে। পরিবারজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সলমনের বাবা সেলিম খান। সব মিলিয়ে পরিবারে উদ্বেগের আবহ আরও ঘনীভূত হয়েছে।

বলিউডে ধারাবাহিক হুমকির ঘটনায় সরব হয়েছে চলচ্চিত্রকর্মীদের সংগঠন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস-এর কাছে চিঠি দিয়ে তারকাদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, শুধু অভিনেতা-অভিনেত্রী নন, তাঁদের আশপাশের মানুষজনও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

তবে পুরো বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আয়ুষ শর্মা। তদন্ত এগোচ্ছে, আর তার সঙ্গে বাড়ছে জল্পনাও। বলিউডের আকাশে ফের একবার ভয়ের মেঘ ঘনিয়েছে।

এমকে/টিএ

মন্তব্য করুন