মিমির সঙ্গে প্রথম জুটি, নতুন অধ্যায়ে রাহুল!
ছবি: সংগৃহীত
০৮:০৪ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ার পরিচিত মুখ রাহুল দেব বসু নতুন পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন। ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে একের পর এক ভিন্ন চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল দুগ্গামণি ও বাঘ মামা ধারাবাহিকে। বছরের শুরুতেই একটি ধারাবাহিকভিত্তিক অনলাইন কাহিনিতে অভিনয় করে নজর কাড়েন তিনি। এবার আরও বড় চমক।
প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী-র বিপরীতে জুটি বাঁধতে চলেছেন রাহুল। নতুন অনলাইন ধারাবাহিক ক্যুইস-এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। পরিচালনায় রয়েছেন নির্ঝর মিত্র। যদিও কাহিনি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি অভিনেতা, তবে মিমির সঙ্গে প্রথম কাজ নিয়ে তাঁর উত্তেজনা স্পষ্ট। রাহুলের কথায়, নিজের অভিনয়জীবন তিনি ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে চান। এখন পর্যন্ত কাজের গতিপ্রকৃতি নিয়ে তিনি সন্তুষ্ট।

এই নতুন জুটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়। বহু দর্শকের প্রশ্ন, তবে কি আর ধারাবাহিকে দেখা যাবে না রাহুলকে? সে বিষয়ে নিশ্চিত উত্তর দেননি অভিনেতা। তাঁর মতে, ছোটপর্দার কাজের ধারা এখন অনেকটাই বদলে গিয়েছে। কলকাতার পাশাপাশি মুম্বইয়েও কাজ করেছেন তিনি, বিশেষ করে বিজ্ঞাপনে। নিজেকে নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখতে চান না বলেই জানিয়েছেন রাহুল। ভাল চরিত্র ও শক্তিশালী গল্প পেলে যে কোনও মাধ্যমে কাজ করতে প্রস্তুত তিনি।
শোনা যাচ্ছে, এই অনলাইন ধারাবাহিকের পর বড়পর্দার কাজ নিয়েও আলোচনা চলছে। সম্ভবত হিন্দি ছবিতেও দেখা যেতে পারে তাঁকে। সব মিলিয়ে স্পষ্ট, নতুন দিগন্তের সন্ধানেই এগোচ্ছেন রাহুল দেব বসু। ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন কি না, তার উত্তর সময়ই দেবে; তবে আপাতত নতুন জুটিকে ঘিরেই বাড়ছে প্রত্যাশা।
এমকে/টিকে