কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ছবি: সংগৃহীত
০৮:৪৯ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন করেছে।
এ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং দূতাবাসের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে একে একে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কোর সাধারণ পরিষদের বর্তমান সভাপতির ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
আলোচনা সভার মূল বক্তব্যে রাষ্ট্রদূত ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের চরম আত্মত্যাগের বিষয়টি শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি ভাষা ও সংস্কৃতির ধারক-বাহক হিসেবে প্রবাসে নিজ সন্তানদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগ সঞ্চারিত করার ক্ষেত্রে প্রবাসী সমাজের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।
সর্বশেষে বায়ান্নর সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের উন্নয়ন ও জনগণের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
এবি/টিএ
এবি/টিএ