স্ত্রী দোলনের জন্মদিনে কী বিশেষ উপহার দিলেন স্বামী দীপঙ্কর?
ছবি: সংগৃহীত
১০:২৪ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
২২ ফেব্রুয়ারি অভিনেত্রী দোলন রায় এর জন্মদিন। প্রতি বছর এই দিনটিকে ঘিরে ছোটখাটো পরিকল্পনা থাকলেও এ বছর যেন মনখারাপের আবহেই কাটছে বিশেষ দিনটি। কারণ, তাঁর মা বর্তমানে হাসপাতালে ভর্তি। সেই পরিস্থিতিতে ঘরোয়া আনন্দও যেন ম্লান। তবু স্ত্রীর মুখে হাসি ফোটাতে নিজের মতো করে প্রস্তুতি সেরে রেখেছেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে।
দীর্ঘদিন ধরেই জন্মদিনে বাইরে খেতে যাওয়ার অভ্যাস তাঁদের। কখনও পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ, কখনও বা কোনও ক্লাব—দোলনের প্রিয় কাঁকড়া খাওয়া যেন এই দিনের এক অনিবার্য অংশ। তবে এ বছর পরিস্থিতি ভিন্ন। কাছের মানুষ অসুস্থ হলে উদ্যাপনের রং যে ফিকে হয়ে যায়, তা অকপটে স্বীকার করেছেন দীপঙ্কর। তাঁর কথায়, বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, তার মধ্যেই এখন সবচেয়ে বড় প্রার্থনা সুস্থ থাকা।

দোলনের ধারাবাহিকের কাজও চলছে নিয়মিত। কাজের চাপ, ব্যক্তিগত উদ্বেগ সব মিলিয়ে ব্যস্ত সময়ের মধ্যে জন্মদিন এসেছে নিঃশব্দে। তবু প্রতি বছরের মতো এ বছরও স্ত্রীর জন্য আগেভাগেই উপহার কিনে রেখেছেন তিনি। গয়না ভালবাসেন দোলন, তাই জন্মদিনে তুলে দেওয়ার জন্য মুক্তোর একটি সেট যত্ন করে বেছে নিয়েছেন।
বাড়িতে কোনও আয়োজনের পরিকল্পনা নেই। তবে সুযোগ মিললে রাতে বাইরে খেতে যাওয়ার ইচ্ছা রয়েছে। নিজের জন্য মুরগির পদ, আর দোলনের জন্য প্রিয় কাঁকড়া এমনই ছোট্ট ইচ্ছে রয়ে গেছে মনে। জাঁকজমক নয়, বরং একসঙ্গে থাকা, সুস্থ থাকা আর আগামী দিনগুলো এভাবেই কাটিয়ে দেওয়ার প্রার্থনাই এখন তাঁদের কাছে সবচেয়ে বড় উপহার।
পিআর/টিকে