© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিবের ‘মহব্বত’ এবার পাকিস্তানি নায়িকা নিয়ে!

শেয়ার করুন:
শাকিবের ‘মহব্বত’ এবার পাকিস্তানি নায়িকা নিয়ে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর শাকিব খানকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক হিমেল আশরাফ। তাদের নতুন সিনেমার নাম ‘মহব্বত’।

বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটির ঘোষণার পর থেকেই শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ‘মহব্বত’-এ পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনয়শিল্পীকে দেখা যেতে পারে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও চলছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে এখনো কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি।

পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাইছেন না। তারা জানিয়েছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর শুটিং শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ করে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এর আগে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির মাধ্যমে বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। এরপর কলকাতার জিৎ ও দেবের বিপরীতেও অভিনয় করেন ইধিকা।

এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। ফলে ‘মহব্বত’-এও ভিনদেশি কোনো অভিনয়শিল্পীকে দেখা গেলে সেটি আগের দুই সিনেমার ধারাবাহিকতা হবে।

এদিকে শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সিনেমাটির পোস্টারে লেখা হয়েছে, ‘কখনও কখনও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই... পরিচয় করিয়ে দিচ্ছি মহব্বত; এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। দেখা হবে আগামী কোরবানির ঈদে!’

ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মহব্বত’ নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে শাকিবের বিপরীতে পাকিস্তানের কোন অভিনয়শিল্পী থাকছেন, তা নিয়েই দর্শকের কৌতূহল বেশি।

এসএ/টিএ


মন্তব্য করুন