© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসুস্থ সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ!

শেয়ার করুন:
অসুস্থ সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৯ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। গত ১৭ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ভেন্টিলেশনে রাখা হলেও পরে নিবিড় পরিচর্যা কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণের জেরেই পরিস্থিতি জটিল হয়েছিল, তবে আপাতত তিনি স্থিতিশীল আছেন এবং অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি।

প্রবীণ এই চিত্রনাট্যকারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বলিউডে উদ্বেগের ছায়া নেমে আসে। দেখতে যান দীর্ঘদিনের সঙ্গী জাভেদ আখতার, অভিনেতা সঞ্জয় দত্ত-সহ আরও অনেকে। শনিবার গভীর রাতেই হাসপাতালে পৌঁছন শাহরুখ খান। খান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সেলিমের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। উপস্থিত ছিলেন সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা।



শাহরুখের এই হাসপাতালে যাওয়া নিছক সৌজন্য নয়, রয়েছে গভীর ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস। দিল্লি থেকে মুম্বাইয়ে পা রাখার পর কঠিন সময়ের সাক্ষী ছিলেন সেলিম খান। আশ্রয়, সাহচর্য ও পরামর্শ সব মিলিয়ে তাঁর কেরিয়ারের শুরুর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই বর্ষীয়ান চিত্রনাট্যকার। একাধিক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছেন, আজ তিনি যা হয়েছেন, তার পেছনে সেলিম খান ও তাঁর পরিবারের অবদান অনস্বীকার্য।

এ দিকে বাবার শারীরিক অবস্থার খবর হাসপাতাল সূত্রে বাইরে ছড়িয়ে পড়ায় নাকি ক্ষুব্ধ হয়েছেন সালমান খান। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন সেলিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

বলিউডের এক স্বর্ণযুগের নির্মাতা এখন চিকিৎসাধীন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় মগ্ন গোটা শিল্পমহল। কিংবদন্তির সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায় অনুরাগীরাও।

পিআর/টিকে

মন্তব্য করুন