জাহিদ হাসানকে ঘিরে ভুয়া ভিডিওতে বিভ্রান্তি
ছবি: সংগৃহীত
০১:৩৮ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে অভিনয়শিল্পী জাহিদ হাসানকে নিয়ে।
সেখানে তিন যুগ ধরে অভিনয় করা জাহিদ হাসানকে ‘সংগীতশিল্পী’ পরিচয়ে উপস্থাপন করে দাবি করা হয়, তিনি নাকি ওষুধ ছাড়াই ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছেন। এমনকি নাতি-নাতনিদের সঙ্গে খেলতে না পারার কষ্টের গল্পও জুড়ে দেওয়া হয়।

তবে জাহিদ হাসান স্পষ্ট জানালেন, সবই ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিওটিতে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সংবাদরূপে উপস্থাপন করে দাবি করা হয়, ডায়াবেটিসে দীর্ঘদিন ভুগছিলেন জাহিদ হাসান। নাতি-নাতনিদের সঙ্গে খেলতে পারতেন না, নিজেকে পরিবারের বোঝা মনে করতেন। দুর্নীতিগ্রস্ত চিকিৎসকের কারণে কষ্ট বেড়েছিল। পরে নাকি কোনো ওষুধ ছাড়াই ডায়াবেটিস জয় করেন তিনি। এ প্রতিবেদনে একটি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে সংবাদ আকারে উপস্থাপন করা হয়েছে।
জাহিদ হাসান বলেন, ‘এ ধরনের কোনো কথা আমি কোথাও বলিনি। পুরো বিষয়টাই বানানো।’ তিনি জানান, তাঁর দুই সন্তান এখনো পড়াশোনা করছে; তাদের বিয়ের বয়সই হয়নি, ফলে নাতি-নাতনির গল্প সম্পূর্ণ বানোয়াট। সহকর্মীদের কাছ থেকে ভিডিওটি পাওয়ার পর তিনি চরম বিরক্তি প্রকাশ করেন। তাঁর ভাষায়, ‘এরা প্রতারক চক্র। মিথ্যার ওপর ব্যবসা করছে। একজন শিল্পীকে নিয়ে এভাবে মিথ্যা গল্প ছড়ানো অপরাধ।’
পিআর/টিকে