© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবার অসুস্থতার মাঝেই মুম্বাইয়ে কোটি টাকার ফ্ল্যাট কিনলেন আরবাজ

শেয়ার করুন:
বাবার অসুস্থতার মাঝেই মুম্বাইয়ে কোটি টাকার ফ্ল্যাট কিনলেন আরবাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
মুম্বাইয়ের আকাশছোঁয়া বহুতলের একেবারে সাতাশ তলায় নতুন ঠিকানা গড়ছেন আরবাজ খান। পরিবারের ভেতরে যখন দুশ্চিন্তার মেঘ, তখনই কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কেনার খবর সামনে আসতেই বলিউডপাড়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা। কারণ, এই মুহূর্তে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর বাবা, কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান।

জানা যাচ্ছে, মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট সংলগ্ন যোগেশ্বরী আবাসনের একটি উচ্চাভিলাষী প্রকল্পে প্রায় দুই কোটি আটাত্তর লক্ষ টাকায় ফ্ল্যাটটি কিনেছেন আরবাজ। এক হাজার দুইশো তেতাল্লিশ বর্গফুটের এই আবাসটি সাজানো হচ্ছে বিশেষ ভাবনায়। পুরো ঘরজুড়ে থাকবে মিতব্যয়ী নকশার ছোঁয়া, কিন্তু আভিজাত্যে কোনও খামতি রাখছেন না তিনি। আলো থেকে নিরাপত্তা সব কিছুই থাকবে আধুনিক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রিত। আবাসনের ভেতরে থাকছে শরীরচর্চার পৃথক পরিসরও। ইতিমধ্যেই প্রায় ষোলো লক্ষ টাকার স্ট্যাম্প শুল্ক এবং ত্রিশ হাজার টাকার নথিভুক্তি ফি মিটিয়েছেন অভিনেতা। বর্তমানে নির্মাণকাজ চলছে জোরকদমে। সব কিছু ঠিক থাকলে ২০৩০ সালের মধ্যে নতুন ফ্ল্যাটের চাবি হাতে পাওয়ার কথা তাঁর।



অন্যদিকে খান পরিবারে চলছে উৎকণ্ঠার সময়। গত ১৭ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সেলিম খান। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁর শারীরিক অবস্থা জটিল হয়ে উঠেছিল। কিছু সময়ের জন্য তাঁকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। বর্তমানে নবতিপর এই চিত্রনাট্যকারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

একদিকে বাবার শারীরিক লড়াই, অন্যদিকে নতুন স্বপ্নের বাসা দুই ভিন্ন বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আরবাজ খানের জীবনে যেন একই সঙ্গে দুশ্চিন্তা ও নতুন সূচনার গল্প লেখা হচ্ছে।

পিআর/টিকে

মন্তব্য করুন