ক্যান্সারের মাঝেই ফের বড় সমস্যায় দীপিকা
ছবি: সংগৃহীত
০৫:২৭ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৫ সালে লিভার ক্যান্সারের মরণঘাতী ছোবল থেকে ফিরে এসেছিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। দীর্ঘ ১৪ ঘণ্টার এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে টিউমার অপসারণ করা হয়েছিল। তবে সেই লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন স্বাস্থ্য সংকটের মুখে পড়েছেন এই অভিনেত্রী। এবার তার পেটে ধরা পড়েছে একটি সিস্ট।
সম্প্রতি নিজের নতুন ভ্লগে স্ত্রী দীপিকার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম। তিনি জানান, কয়েক দিন ধরেই অসহ্য পেটে ব্যথায় ভুগছিলেন দীপিকা। গত দুই দিন ধরে সামান্য ব্যথা থাকলেও হঠাৎ তা তীব্র আকার ধারণ করে।
পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সিটি স্ক্যান করানো হয়। রিপোর্টে ধরা পড়ে দীপিকার পেটে ১৩ মিলিমিটারের একটি সিস্ট হয়েছে।
দীপিকা তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বলেন, ‘সিস্টটি আয়তনে বেশ ছোট। তবে গত দুই দিন ধরে পেট এবং কাঁধে তীব্র যন্ত্রণা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আমার বাম পাশের এই ব্যথাটি সিস্টের কারণে নয়, এর উৎস অন্য কোথাও। সিটি স্ক্যানে সিস্ট ছাড়া বাকি সবকিছু স্বাভাবিক এসেছে এবং লিভারেও নতুন কোনো সমস্যা পাওয়া যায়নি।’
তবে চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দীপিকার রক্ত পরীক্ষার রিপোর্ট। শোয়েব জানান, দীপিকার রক্তে এএফপির মাত্রা কিছুটা বেশি পাওয়া গেছে। গত ডিসেম্বরের পিইটি স্ক্যান রিপোর্ট পরিষ্কার থাকলেও বর্তমান রিপোর্টে এই বৃদ্ধি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পুরো বিষয়টি নিয়ে শোয়েব ইব্রাহিম বলেন, ‘চিকিৎসকরা আগে জানিয়েছিলেন যে আগের টিউমারটি অত্যন্ত বিপজ্জনক ছিল এবং তা ফিরে আসার সম্ভাবনাও থাকে। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিকিৎসকরা এখনই কোনো বড় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেননি। তবে বিকল্প পদ্ধতিতে চিকিৎসার জন্য তাঁকে ৩ থেকে ৪ দিন হাসপাতালে থাকতে হতে পারে।’
টিকে/