© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনে মেটিকুলাস ডিজাইনে জাপাকে হারিয়ে দেওয়া হয়েছে: মহাসচিব

শেয়ার করুন:
নির্বাচনে মেটিকুলাস ডিজাইনে জাপাকে হারিয়ে দেওয়া হয়েছে: মহাসচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় মেটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাপা আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন হয়।

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট বৈষম্যের অভিযোগ তুলে জাপা মহাসচিব বলেন, সরকারের নির্দেশনায় প্রশাসন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। জাপা যেন একটি আসনেও না জিতে এবং শতকরা এক ভাগও ভোট না পায়, তার জন্য নীলনকশার নির্বাচন করা হয়। জাপার শক্তিশালী আসনগুলোতে তাদের তৃতীয় করা হয়েছে, জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাপার জন্য যা বিস্ময়কর।

‘তথাপি তারেক রহমান ও নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাই। নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে- আমরা এটাই প্রত্যাশা করি,’ যোগ করেন তিনি।

শামীম ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে জাতীয় পার্টির ওপর মবের আক্রমণকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমআই/টিএ

মন্তব্য করুন