আমাকে ফুল না দিয়ে শুভেচ্ছা হিসেবে গাছের চারা দিয়েন : এমপি রনি
ছবি: সংগৃহীত
০৮:২৭ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, ‘ফুল পচে যায়। গাছের চারা দিলে পরিবেশ রক্ষা হয়। আমাদের সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে হবে। তাই শুভেচ্ছা হিসেবে ফুল না দিয়ে দিতে চাইলে গাছের চারা দিয়েন।’
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় টঙ্গী কনভেনশন সেন্টারে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
রনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ লাগাতে বলেছেন। তাই ফুলের পরিবর্তে চারা গাছ দিলে পরিবেশ রক্ষা হবে। পরিকল্পিতভাবে শিল্পায়ন, কৃষি জমি, গাছ পালা প্রকৃতি রক্ষায় আমাদের কাজ করতে হবে।’
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট প্রমুখ।
টিএ/