ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ০৮ অক্টোবর, ২০২৬
সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একইসঙ্গে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন আনিস মাত্তা। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ সময় বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আনিস মাত্তা বলেন, প্রচলিত বাণিজ্যিক সম্পর্কের বাইরে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইন্দোনেশিয়া।
দুই দেশের যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।
এ ছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশে, বিশেষ করে দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ নিতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উৎসাহিত করার কথা বলেন তিনি।
সরকারি সফরে বাংলাদেশে আসা আনিস মাত্তার বৃহস্পতিবারই ঢাকা ছাড়ার কথা রয়েছে।
এসএন