বার্মিংহামে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ছবি: সংগৃহীত
০৯:২২ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম পর্বে সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ মিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে ২১ ফেব্রুয়ারি বিকেলে সহকারী হাইকমিশনে আয়োজিত আলোচনাসভায় বীর মুক্তিযোদ্ধা, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর, কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও মিশনের সদস্যরা অংশ নেন। জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া ইউনেসকোর সাধারণ সম্মেলনের সভাপতির ভিডিও বার্তা প্রদর্শিত হয়।
বক্তারা ভাষাশহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলা ভাষার সংরক্ষণ ও প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি এবং মাতৃভাষায় পরিচিতি প্রদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
টিএ/