© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউলের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

শেয়ার করুন:
হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউলের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৮ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। 

প্রিজনভ্যান থেকে নামানোর সময় জিয়াউল আহসানের হাতে হাতকড়া পরাতে যান দায়িত্বরত এক পুলিশ সদস্য। তবে এতে অপারগতা প্রকাশ করেন তিনি।

পুলিশ সদস্যকে উদ্দেশ করে জিয়াউল আহসান বলেন, ‘আমি এসব পরবো না। কোন আইনে আছে’।

এ নিয়ে প্রিজনভ্যানের ভেতরে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। কয়েক মিনিট পর হাতকড়া ছাড়াই তাকে নামান পুলিশ সদস্যরা। পরে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

দুপুর ১টা ৫৮ মিনিটে জিয়াউলকে ট্রাইব্যুনাল-২ এর এজলাসে তোলা হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না’।

এদিন, দুপুর ২টার পর ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি করবে প্রসিকিউশন।

এরই ধারাবাহিকতায় মামলায় গ্রেপ্তার অন্য ১০ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন– জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা।

গত ১ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে সাবেক আইজিপি শহীদুল হকের অসুস্থতার কারণে প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক বিবেচনায় সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন আদালত। ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।

মামলায় দুটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা আনা হয়। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের ঘটনা আনা হয়েছে।

এফআর/

মন্তব্য করুন