বিতর্কের মাঝেও বক্স অফিসে ম্যাজিক দেখাচ্ছে ‘ও রোমিও’
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সমালোচনা, বক্স অফিসের বিতর্ক-কিছুই যেন টলাতে পারছে না পরিচালক বিশাল ভরদ্বাজ-এর আত্মবিশ্বাস। তাঁর সাম্প্রতিক ছবি ও রোমিওমুক্তির পর থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও পরিচালক নিশ্চিত, শেষ পর্যন্ত এটাই হবে তাঁর কেরিয়ারের সবচেয়ে সফল সিনেমা।
গত ১৩ ফেব্রুয়ারি, ভালবাসা দিবসের ঠিক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি। মুক্তির পর থেকেই ছবিটি তার প্রেম এবং হিংসার সাহসী মিশ্রণের জন্য আলোচনায় এসেছে। যদিও সমালোচকদের মতভেদ রয়েছে এবং এখনও বিশ্বজুড়ে ছবিটির আয় ১০০ কোটি টাকা পার করেনি।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজ স্পষ্টই বলেন, সমালোচনা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। তাঁর কথায়, “আমি জানি এই কথা শুনে সমালোচকদের খারাপ লাগতে পারে, কিন্তু এটা আমার জীবনের সবচেয়ে সফল ছবি হতে চলেছে। আমি এই ছবির জন্য ভীষণ গর্বিত। আমি কোনও কিছু নিয়েই লজ্জিত নই। ছবিতে যে ভালবাসা এবং হিংসার গল্প দেখিয়েছি, তা নিয়ে আমি গর্ব অনুভব করি। লোকে সমালোচনা করবে, আবার দেখতেও যাবে।”

ও রোমিও’ ছবির গল্পে শাহিদ কাপুর অভিনীত উস্তারা একজন ভয়ঙ্কর গ্যাংস্টার, যার জীবনে আসে আফশা কুরেশি ওরফে রানি শর্মা-এই চরিত্রে রয়েছেন তৃপ্তি দিমরি। তাঁদের সম্পর্ক ঘিরেই এগোয় ছবির মূল কাহিনি। ছবিটি অনুপ্রাণিত হয়েছে সাংবাদিক হুসেন জায়দি-র লেখা Mafia Queens of Mumbai বই থেকে।
ছবিতে আরও অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, যেমন নানা পাটেকর, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, দিশা পাটানি, ফারিদা জলাল এবং বিক্রান্ত ম্যাসি। তাঁদের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়েছে।
সমালোচনা থাকলেও বিশাল ভরদ্বাজের বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে দর্শকরাই ও রোমিও’-কে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা এবং সবচেয়ে সফল ছবি হিসেবে স্বীকৃতি দেবেন।
কেএন/টিএ