রাজপালের বাড়ি ছিল সংগ্রামী শিল্পীদের রান্নাঘরের মতো: নওয়াজউদ্দিন
ছবি: সংগৃহীত
০৯:৫৭ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেতা রাজপাল যাদব ও নওয়াজউদ্দিন সিদ্দিকি-দুজনের বন্ধুত্বের গল্প আবারও উঠে এলো আলোচনায়। সম্প্রতি রাজপাল যাদবের তিহার জেলে থাকার ঘটনায় নওয়াজউদ্দিনের একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়। সেখানে নওয়াজ রাজপালের বাড়িকে সংগ্রামী শিল্পীদের জন্য একটি ‘লঙ্গর’-এর সঙ্গে তুলনা করেছিলেন, যেখানে কেউ না খেয়ে ফিরত না।
দ্য লালনটপকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজপাল যাদবের সহানুভূতিশীল স্বভাবের কথা স্মরণ করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এসময় তিনি রাজপালকে ভীষণ সংবেদনশীল একজন মানুষ উল্লেখ করেন।
নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেন, ‘রাজপাল যখন কাজ পেতে শুরু করল, তখন অনেক মানুষ ওর বাড়িতে এসে খেত। কখনো অভিযোগ করেনি। শুধু আমি না, অনেক সংগ্রামী অভিনেতার জন্য ওর বাড়ি ছিল একটা লঙ্গরের মতো-যে কেউ এসে খেতে পারত। বাইরে থেকে সে খুব মজার মানুষ মনে হলেও, ভেতরে সে ভীষণ সংবেদনশীল একজন মানুষ।’

সম্প্রতি আপ টককে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সেই মন্তব্য নিয়ে কথা বলেছেন রাজপাল যাদব। তিনি বলেন, ‘নওয়াজউদ্দিন আমার বাড়িতে খেত না। ওটা ছিল ওর নিজের বাড়ি, নিজের খাবার। কারণ ওর কারণেই আমি কাজ পেয়েছিলাম। তখন বিভিন্ন রাজ্য থেকে আসা ১০–১৫ জন অভিনেতা একসঙ্গে থাকতাম। কে কাজ পেল, কে পেল না-সেটা বড় বিষয় ছিল না। গুরুত্বপূর্ণ ছিল আমরা সবাই একসঙ্গে খেতাম। নওয়াজ আমাকে কৃতিত্ব দিয়েছে-এটা ওর মহত্ত্ব।’
লখনউয়ের ভরতেন্দু নাট্য একাডেমিতে প্রশিক্ষণের সময় রাজপাল ও নওয়াজের বন্ধুত্বের শুরু। পরবর্তীতে তারা দুজনই দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতেও একসঙ্গে পড়াশোনা করেন। সেই সময়ের সংগ্রাম, অনিশ্চয়তা আর পারস্পরিক সহায়তাই তাদের বন্ধনকে আরও দৃঢ় করে।
প্রসঙ্গত, ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় রাজপাল যাদব ৫ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করেন। পরে দিল্লি হাইকোর্ট তার সাজা সাময়িকভাবে স্থগিত করে ১৭ ফেব্রুয়ারি তাকে মুক্তি দেয়। ১৮ মার্চ পর্যন্ত তিনি এই মামলায় অন্তর্বর্তী স্বস্তি পেয়েছেন।
জীবনের কঠিন সময় রাজপাল যাদবকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ান সালমান খান, অজয় দেবগন, ডেভিড ধাওয়ান, সোনু সুদ, গুরু রণধাওয়া ও মিকা সিংসহ একাধিক তারকা।
এ বিষয়ে রাজপাল বলেন, ‘যারা আমাকে সাহায্য করেছেন, তারা আজ থেকে নয়-আমার চলচ্চিত্রজীবনের শুরু থেকেই আমার পাশে আছেন। শুধু ধন্যবাদ বললে তাদের অবদান ছোট করে দেখা হয়, কারণ ধন্যবাদ খুবই ছোট একটি শব্দ।’ সূত্র: এনডিটিভি
কেএন/টিএ