রাস্তা পার হতে গিয়ে এমপির বহরে থাকা গাড়ির ধাক্কায় প্রাণ গেল ১ শিশুর
ছবি: সংগৃহীত
১২:২৩ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। ধাক্কা দেওয়া গাড়িটি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বহরে ছিল।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় আট বছরের শিশুটির মৃত্যু হয়।
“দুর্ঘটনাটি এমপির ব্যক্তিগত গাড়ির সঙ্গে জড়িত নয়।”
নিহত মো. খালেদ বিন ওয়ালিদ বদরখালীর আহমদ কবিরের ঘাটা সংলগ্ন টেকচিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়ার ছেলে। সে স্থানীয় একটি নূরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওসি মনির বলেন, শিশুটি পাশের একটি দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। তখন এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুটিকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“পরে উত্তেজিত জনতা ফেরিঘাট এলাকা থেকে গাড়িটি আটক করে ঘটনাস্থলে নিয়ে আসে এবং ভাঙচুর করে। এমপির গাড়িটি, যা বহরের সামনে ছিল, এ সময় এলাকা ত্যাগ করে মহেশখালী চলে যায়।”
এ বিষয়ে সংসদ সদস্য আলমগীর বলেন, “দুর্ঘটনা কবলিত গাড়িটি ছিল ভাড়া করা। সেখানে কোনো লোকজন ছিল না। আমার কোনো গাড়ি নেই। আর গাড়িটি পেছনে থাকায় এটি যে দুর্ঘটনা ঘটিয়েছে সেটি পরে জানতে পারি এবং গাড়ির চালক পালিয়ে যায়।
ওসি বলেন, রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং পুলিশ গাড়িটি জব্দ করেছে। “আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি দেখছি।” আগামীকাল (সোমবার) দেশে আসবেন। জানাযার পর মামলা নিয়ে সিদ্ধান্ত হবে।”
এসএস/টিএ