© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পটুয়াখালীতে বাজার মনিটরিং কার্যক্রমে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের বিক্ষোভ

শেয়ার করুন:
পটুয়াখালীতে বাজার মনিটরিং কার্যক্রমে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
পটুয়াখালী নিউ মার্কেটে বাজার মনিটরিং কার্যক্রমকে কেন্দ্র করে ব্যবসায়ীদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে চলাচলের রাস্তার পাশ দখল করে গড়ে ওঠা অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে দেওয়ার ঘোষণার কিছুক্ষণ পরই বিক্ষোভে ফেটে পড়েন কয়েকজন ব্যবসায়ী। এ সময় তারা কয়েকটি দোকানের শাটার বন্ধ করে সাময়িকভাবে মার্কেট বন্ধের ঘোষণা দেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পটুয়াখালী পৌর শহরের নিউ মার্কেট এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারের নেতৃত্বে এ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, পর্যবেক্ষণকালে সড়ক দখল করে বাজার বসানো, মাপে কম দেওয়া এবং পণ্যের খুচরা মূল্য তালিকা প্রদর্শন না করার মতো বিভিন্ন অনিয়মের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সংশ্লিষ্ট দোকানিদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশও দেওয়া হয়।

এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মনিটরিং টিম এলাকা ত্যাগ করার পরপরই স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশ বিক্ষোভ শুরু করেন। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ তুলে সাময়িকভাবে বাজার বন্ধের ঘোষণা দেন।

ব্যবসায়ীরা বলেন, মানুষ বাজারে আসে তাদের প্রয়োজনের জন্য। যখন প্রয়োজন শেষ হয় তারা বাড়িতে চলে যায়। রাস্তায় কি কোনো মানুষ থাকে? নাকি কোনো মানুষ ঘুমায় বলেন? আজকে আমরা সাধারণ মানুষ ব্যবসা করি, আমাদেরকেও পাবলিকের প্রয়োজন পাবলিকের আমাদের প্রয়োজন। আজকে আমাদের পেটে লাথি মারা হলো। আমরা এখান থেকে কোথায় যাব? তাহলে আমাদেরকে অন্য কোথাও বসার স্থান করে দেন।

নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী আল-আমিন বলেন, আমরা গরিব মানুষ, মাছ বিক্রি করে সংসার চালাই। কিছুদিন পরপর সরকারি লোকজন এসে আমাদের উঠিয়ে দেয়। আমরা কোথায় যাব? আগে আমাদের বিকল্প ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করা উচিত।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার বলেন, রমজানের মধ্যে আপনারা জানেন সব মানুষ বাজারে আসে, তারা একটু ভালো-মন্দ খাওয়ার চেষ্টা করে। সাধ্যমত কেনাকাটার চেষ্টা করে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের জেলা পর্যায়ে একটি বাজার মনিটরিং কমিটি আছে। সার্বিকভাবেই আমরা বাজারে সব সময় অভিযান পরিচালনা করে থাকি।

আজকেও আমাদের কাছে দুয়েকটি অভিযোগ ছিল। তার মধ্যে একটি হলো তাদের যে সীমানা তার বাইরে এসে মালামাল রাখছে। এটা সাধারণ জনগণের কেনাকাটা এবং চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে। আজকে আমরা এসে তাদের (রাস্তা দখল করা ব্যবসায়ীদের)  সকলকে সরিয়ে দেওয়া সহ সকল অবৈধ স্থাপনা যেগুলো অস্থায়ীভাবে আছে সেগুলো সরিয়ে দেওয়াসহ তাদেরকে বলে দিয়েছি যে, কালকে থেকে যেন এ বিষয়গুলো না থাকে। কালকে থেকে এগুলো কার্যকার না হলে মোবাইল কোর্টের বিধান অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরআই/টিকে

মন্তব্য করুন