কোন ভূমিকায় হাতেখড়ি হচ্ছে কপিলের?
ছবি: সংগৃহীত
১১:১২ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
মঞ্চে হাসির ঝড় তোলাই তাঁর পরিচয়। টেলিভিশনের পর্দায় দর্শকদের আপন মানুষ হয়ে ওঠা কপিল শর্মা আবারও ফিরছেন নতুন মৌসুম নিয়ে। খুব শিগগিরই শুরু হচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম পর্ব। তবে শুধু সঞ্চালনায় সীমাবদ্ধ থাকছেন না তিনি। কমেডির পাশাপাশি অভিনয়ের দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কপিল।
বড় পর্দায় এর আগেও দেখা গিয়েছে তাঁকে। ‘কিস কিস কো পেয়ার করুঁ ২’ ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য মেলেনি। গত ৯ জানুয়ারি মুক্তির পরও ছবির ব্যবসায় বিশেষ পরিবর্তন হয়নি। তবু থেমে থাকেননি কপিল। এবার তিনি পা রাখতে চলেছেন ওয়েব ধারাবাহিকের জগতে।

সূত্রের খবর, একটি হাস্যরসাত্মক ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কপিল। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। শোনা যাচ্ছে, দেশের বাইরে হবে দৃশ্যধারণের বড় অংশ। নতুন এই মাধ্যমে কপিলের হাতেখড়ি ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে।
এদিকে তাঁর নতুন ছবি ‘দাদি কি শাদি’-র স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। ছবিটি পরিচালনা করছেন আশিষ ও মোহন। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন নিতু সিং, ঋদ্ধিমা কাপুর ও সাইদা খতিব। ছোট ও বড় পর্দা পেরিয়ে এবার ডিজিটাল মাধ্যমেও নিজের অবস্থান পোক্ত করতে চাইছেন কপিল।
এক দিকে জনপ্রিয় কমেডি শো, অন্য দিকে নতুন ধারাবাহিক ও ছবি সব মিলিয়ে ব্যস্ত সময়ের মধ্যেই নতুন ভূমিকায় হাতেখড়ি হচ্ছে কপিল শর্মার। হাসির আড়ালে এবার তিনি কতটা চমক দেখাতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।
পিআর/টিকে