© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বাফটা’র মঞ্চে হলিউডকে টেক্কা দিল ফারহানের মণিপুরি ছবি ‘বুং’

শেয়ার করুন:
‘বাফটা’র মঞ্চে হলিউডকে টেক্কা দিল ফারহানের মণিপুরি ছবি ‘বুং’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৪ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
লন্ডনের আকাশে তখন উৎসবের আলো। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারের আসরে ঘোষিত হল এক ঐতিহাসিক মুহূর্ত। ৭৯তম বাফটা অ্যাওয়ার্ড এর মঞ্চে সেরার মুকুট উঠল এক ভারতীয় আঞ্চলিক ছবির মাথায়। বুং এনে দিল আন্তর্জাতিক স্বীকৃতি, আর সেই গর্ব ভাগ করে নিলেন প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি।

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হল-এ রবিবার রাতের অনুষ্ঠানে ঘোষণা করা হয় ‘সেরা শিশু ও পারিবারিক ছবি’ বিভাগে জয়ীর নাম। মনোনীত তালিকায় ছিল হলিউডের বড় বাজেটের একাধিক ছবি। তবু সকলকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নেয় মণিপুরের পটভূমিতে তৈরি এই সংবেদনশীল গল্প।



পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী নির্মিত ছবিটি অশান্ত মণিপুরের প্রেক্ষাপটে এক শিশুর চোখে দেখা জীবনের লড়াই তুলে ধরে। আচমকা হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে ফেরার আকাঙ্ক্ষা আর একাকী মায়ের সঙ্গে বেড়ে ওঠার গল্পই ছবির মূল সুর। মুক্তির পর থেকেই প্রশংসা কুড়িয়েছিল ‘বুং’। আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার জয় সেই সাফল্যকে দিল ঐতিহাসিক মাত্রা।

এই বিশেষ দিনটি ব্যক্তিগত কারণেও স্মরণীয় হয়ে রইল ফারহানের কাছে। একই দিনে ছিল তাঁর চতুর্থ বিবাহবার্ষিকী। স্ত্রী শিবানিকে পাশে নিয়েই ট্রফি হাতে নেন তিনি। কালো পোশাকে ফারহান, সোনালি আভায় শিবানি উজ্জ্বল সেই মুহূর্ত যেন ব্যক্তিগত ও পেশাগত সাফল্যের মেলবন্ধন।

উত্তর-পূর্ব ভারতের এক আঞ্চলিক ছবির এই বিশ্বজয় নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের কাছে গর্বের। হলিউডের সঙ্গে সমানে টক্কর দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান পোক্ত করল ‘বুং’। আর সেই গৌরবের কেন্দ্রে আজ ফারহান আখতারদের এই সাহসী উদ্যোগ।

পিআর/টিকে

মন্তব্য করুন