© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের ভাষায় বক্তব্য শুরু করে ‘বাফটা’র মঞ্চে নজির গড়লেন আলিয়া

শেয়ার করুন:
নিজের ভাষায় বক্তব্য শুরু করে ‘বাফটা’র মঞ্চে নজির গড়লেন আলিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৭ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক মঞ্চে ঝলমলে আলো, চারপাশে হলিউডের তারকার ভিড়। সেই আবহেই আত্মবিশ্বাসী পদক্ষেপে মঞ্চে উঠলেন আলিয়া ভাট। আর প্রথম শব্দেই চমক। ইংরেজি নয়, হিন্দিতে সম্ভাষণ জানিয়ে শুরু করলেন বক্তব্য। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হল-এ আয়োজিত ৭৯তম বাফটা অ্যাওয়ার্ড’স-এর মঞ্চে এভাবেই এক অনন্য নজির গড়লেন তিনি।



‘নমস্কার’ বলে বক্তব্য শুরু করে আলিয়া জানান, পরবর্তী পুরস্কারটি এমন একটি ছবির জন্য, যা ইংরেজি ভাষায় নির্মিত নয়। মাতৃভাষায় এই উচ্চারণেই যেন স্পষ্ট হয়ে ওঠে তাঁর শিকড়ের টান। এরপর অবশ্য ইংরেজিতেও সাবলীলভাবে কথা বলেন তিনি। কিন্তু শুরুটা যে নিজের ভাষায়, সেটাই মুগ্ধ করেছে অনুরাগীদের। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। প্রশংসায় ভাসেন অভিনেত্রী।



এ দিন মঞ্চে উপস্থিত আলিয়ার সাজও ছিল আলোচনায়। রুপোলি ঝিলমিল করা হল্টার নেক গাউন, সঙ্গে সাদা লোমশ স্টোল সব মিলিয়ে রাজকীয় উপস্থিতি। এর আগে মেট গালা ও কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কাড়লেও, এবার আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে ভাষা দিয়ে নিজের পরিচয় তুলে ধরলেন তিনি।

হলিউডের জমকালো আয়োজনে দাঁড়িয়ে নিজের সংস্কৃতি ও ভাষাকে সম্মান জানানোর এই মুহূর্ত নিঃসন্দেহে বিশেষ। আলিয়ার এই আত্মবিশ্বাসী পদক্ষেপ অনেকের কাছেই এক গর্বের প্রতীক হয়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় পরিচয় তুলে ধরার এই দৃশ্য তাই স্মরণীয় হয়ে থাকল।

পিআর/টিকে

মন্তব্য করুন