জন্মদিনে সামাজিক মাধ্যমে পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন অপরাজিতা
ছবি: সংগৃহীত
১২:৪১ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ার পরিচিত মুখ অপরাজিতা আঢ্যর জন্মদিন এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বরাবরই শাশুড়ি-মেয়ের সম্পর্ক নিয়ে নানা রকম আলোচনা থাকলেও এই অভিনেত্রীর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। জন্মদিনে তিনি শাশুড়ি মায়ের সঙ্গে মিষ্টি একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার জন্মদিন… ফ্রেমে যারা আছে, তারাই আমার লাইফলাইন’।
অপরাজিতা আঢ্য পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন। গোলাপি রঙের গাউনে সেজে তিনি মাথায় মুকুট ও হাতে কেক নিয়ে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত উপভোগ করেন। সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে শাশুড়ি মায়ের ঠোঁটে ঠোঁট রাখার এই মিষ্টি মুহূর্ত দর্শক ও অনুরাগীদের নজর কেড়েছে।

অপরাজিতা লিখেছেন, ‘বৃষ্টিতে ছাতা, অন্ধকারে প্রদীপ। হতাশায় নিঃশব্দ আশ্রয়। আর যারা ছবিতে নেই, তাঁরা হৃদয়ের গভীরতম আলো হয়ে আছে। নিঃশর্ত, নীরব, অনন্ত। আজ কৃতজ্ঞতার দিন। আমার লাইফলাইনদের জন্য, যাদের ভালোবাসায় আমি প্রতিদিন নতুন করে জন্মাই।’ এই পোস্টে অনুরাগীরা তাঁকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।
অপরাজিতা আঢ্য স্ক্রিনে যেমন দক্ষতার সঙ্গে দর্শকদের মন কাড়েন, বাস্তব জীবনে তেমনই পরিবারের প্রতি দায়িত্বশীল। জন্মদিন উদযাপনের এই মুহূর্তেও তা প্রমাণিত হয়েছে।
পিআর/টিকে