© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০১ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের ঘোষণা আসে।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অপসারিত হন।

তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ প্রজ্ঞাপনের আগ পর্যন্ত প্রশাসকের দায়িত্বে ছিলেন আবু নছর আব্দুল্লাহ।

সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণ করবেন।

রাজনৈতিক অঙ্গনে পরিচিত এই আইনজীবী সাতখুন হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে সারাদেশে আলোচনায় আসেন। পরবর্তীতে ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও আইভীর কাছে পরাজিত হন।
২০১৮ সালে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন তিনি। যদিও আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রাথমিকভাবে তার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত অন্য প্রার্থীকে চূড়ান্ত করে দল।

প্রশাসক পদে নিয়োগকে সাখাওয়াতের রাজনৈতিক মূল্যায়ন হিসেবে দেখছেন তার অনুসারীরা। তাদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক ও রাজনৈতিক সক্রিয়তার স্বীকৃতিই এ সিদ্ধান্ত।

এমআর/টিকে 

মন্তব্য করুন