© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি: তাজুল ইসলাম

শেয়ার করুন:
আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি: তাজুল ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের নতুন নেতৃত্ব নিশ্চিত করা হলো।

প্রজ্ঞাপন জারির পর সোমবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তিনি অত্যন্ত আনন্দ ও সন্তুষ্টি নিয়েই পদ ছাড়ছেন। দায়িত্ব পালনকালে সকলের সার্বিক সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন চিফ প্রসিকিউটরও সবার কাছ থেকে অনুরূপ সহযোগিতা পাবেন এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

নতুন নির্বাচিত সরকার কর্তৃক বিভিন্ন পদে নিজেদের পছন্দের লোক নিয়োগ দেওয়াকে একটি স্বাভাবিক নিয়ম বলেই অভিহিত করেছেন তাজুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া এই আইনজীবী জানান, নতুন সরকার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজের সুবিধার্থে এই রদবদল করেছে। তবে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো শঙ্কার কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, নতুন নেতৃত্ব বিচারপ্রার্থী ও নির্যাতনের শিকার মানুষদের সুবিচারের স্বার্থে বিচারকাজ অব্যাহত রাখবে, যাতে দেশে এ ধরনের অপরাধের আর কখনো পুনরাবৃত্তি না ঘটে। প্রয়োজনে তার তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ থাকবে বলেও তিনি জানান।

নিজের মূল পরিচয় তুলে ধরে তাজুল ইসলাম বলেন, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং এটাই তার মূল পেশা। চিফ প্রসিকিউটরের পদ ছাড়লেও একদিনের জন্যও তিনি বেকার থাকছেন না, বরং তাৎক্ষণিকভাবে তার পুরোনো আইনি পেশাতেই ফিরে যাচ্ছেন। উল্লেখ্য, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মোহাম্মদ তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।

কেএন/এসএন

মন্তব্য করুন