কারামুক্তির পর শুটিং সেটে ফিরেছেন রাজপাল যাদব!
ছবি: সংগৃহীত
০৬:২৮ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
চেক বাউন্স মামলায় তিহার জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে আবারও শুটিং সেটে ফিরেছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। মুম্বাই পৌঁছানোর পরপরই তিনি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার শুটিং শুরু করেছেন বলে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে তার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
দিল্লি হাইকোর্ট সম্প্রতি রাজপাল যাদবের সাজা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা-এর বেঞ্চ ১ লাখ রুপির ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের এক জামিনদারের বিনিময়ে এই আদেশ প্রদান করেন।
আদালত উল্লেখ করেছে যে, অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে ইতোমধ্যেই দেড় কোটি রুপি জমা দেওয়া হয়েছে।

কারাগার থেকে মুক্তির পর সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজপাল। তিনি জানান, “সবার ভালোবাসা ও সমর্থনের জন্য আমি অত্যন্ত অভিভূত।
”
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তার তিন দশকের অভিনয় জীবনের স্মৃতিচারণ করেন। চলমান আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “যেহেতু বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন, তাই এ সংক্রান্ত যেকোনো আইনি তথ্যের জন্য আমার আইনজীবী ভাস্কর উপাধ্যায় সঠিক ব্যাখ্যা দেবেন। এখন আমি পুরোপুরি কাজে মনোযোগ দিতে চাই।”
আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ রাজপাল যাদব ছাড়াও অভিনয় করছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল এবং জনি লিভার প্রমুখ।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন কিস্তি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।
এমকে/টিএ