© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ খুললেন রাজপাল যাদব

শেয়ার করুন:
কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ খুললেন রাজপাল যাদব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৮ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের পর্দায় রাজপাল যাদব মানেই হাসির রোল। কিন্তু পর্দার এই হাসিখুশি মানুষটির বাস্তব জীবন সম্প্রতি বেশ বিপাকে পড়েছিলেন। ঋণের জালে জড়িয়ে জেল খাটার পর বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত আছেন তিনি। তবে এই কঠিন সময়ে আলোচনায় এসেছে তার এক পুরোনো উদারতার গল্প, যা সামনে এনেছিলেন খোদ নওয়াজউদ্দীন সিদ্দীকী।

এক সাক্ষাৎকারে নওয়াজ জানিয়েছিলেন, বলিউডে সংগ্রামের দিনগুলোতে রাজপাল যাদব প্রায় ২০-২২ জন অভিনেতাকে নিজের হাতে রান্না করে খাওয়াতেন। এমনকি নওয়াজউদ্দীনের প্রথম কাজের সুযোগও হয়েছিল রাজপালের হাত ধরে। সম্প্রতি রাজপালের এই উপকারের কথা নতুন করে চর্চায় এলে মুখ খুলেছেন তিনি নিজেই।

বন্ধু নওয়াজউদ্দীন সিদ্দীকীর এমন প্রশংসায় বিগলিত হলেও কৃতিত্ব নিতে চাইলেন না রাজপাল। বিনয় প্রকাশ করে তিনি বলেন, ‘নওয়াজ বড় মনের মানুষ বলেই সব কৃতিত্ব আমাকে দিচ্ছে। আসলে নওয়াজ মোটেই আমার বাড়িতে এসে খেত না, বরং আমরাই ওর কাছে যেতাম।’



স্মৃতিচারণ করে রাজপাল আরও বলেন, ‘সেই সময় ভারতের বিভিন্ন রাজ্য থেকে ১০-১৫ জন অভিনেতা কাজ পাওয়ার লড়াইয়ে মুম্বাই এসেছিলাম। কার কাছে কাজ আছে আর কার কাছে নেই সেটা আমাদের কাছে কোনো বিষয় ছিল না। আমরা জানতাম যে আমরা সবাই একসঙ্গে আছি। সেই বাড়ি বা খাবার কোনোটিই আমার একার ছিল না, ওটা আমাদের সবার ছিল।’

ঋণ শোধ করতে না পারার দায়ে গত সপ্তাহেও তিহাড় জেলে ছিলেন রাজপাল। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, বিপদের দিনে বলিউড ইন্ডাস্ট্রির অনেককেই পাশে পেয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে পরিবারের প্রতি অন্যদের সহযোগিতার কথা উল্লেখ করে অভিনেতা বলেন, ‘জেল থেকে বেরোনোর পর স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি মানুষ কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি সত্যিই কৃতজ্ঞ।’

এমকে/টিএ

মন্তব্য করুন