টলিপাড়ায় ঘরোয়া পরিবেশে সম্পন্ন স্বাগতা-দেবাশিসের বাগদান!
ছবি: সংগৃহীত
০৯:৩৩ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
বসন্তের হাওয়ায় টলিপাড়ায় এবার বিয়ের সানাই। প্রেমের মাস ফেব্রুয়ারিকে সাক্ষী রেখে আইনি ভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী স্বাগতা সেন। দীর্ঘদিনের সম্পর্কের পর এবার আংটি বদল ও সই-সাবুদের মাধ্যমে নতুন জীবনযাত্রার সূচনা করলেন তিনি। স্বাগতার জীবনসঙ্গী দেবাশিস ঘোষ, যিনি পেশায় একজন সফল ব্যবসায়ী।
বিয়ের অন্দরের পরিবেশ ছিল ঘরোয়া ও শান্তিময়। দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হলো আশীর্বাদ ও বাগদান। দীর্ঘদিন ধরে সম্পর্কিত থাকা স্বাগতা ও দেবাশিস অবশেষে তা আইনি স্বীকৃতি দিলেন। বিয়ের দিন স্বাগতা স্নিগ্ধ লুকে ধরা দেন। বেগুনি রঙের সিল্ক শাড়ি ও সাদা ব্লাউজের সঙ্গে সোনালি গয়না তাকে অপরূপা করে তুলেছে। বউয়ের সঙ্গে রঙ মিলিয়ে দেবাশিস পরেছিলেন বেগুনি পাঞ্জাবি ও অফ-হোয়াইট ধুতি।

দেবাশিস ঘোষ ব্যবসার জগতে নামডাক রয়েছে। তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। এছাড়া তার নিজস্ব একটি রেস্তোরাঁ রয়েছে। স্বাগতা ও দেবাশিসের সম্পর্কের বড় মিল হলো ভ্রমণের প্রতি ভালোবাসা। পাহাড় হোক বা সমুদ্র সুযোগ পেলেই দু’জনে একসঙ্গে ঘুরতে বের হন। সোশ্যাল মিডিয়ায় তাদের ভ্রমণের ছবিই প্রমাণ করে, তারা একে অপরের ‘ট্রাভেল পার্টনার’। এবার থেকে সেই সফর শুরু হবে আইনি স্বীকৃতিতে।
স্বাগতার সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছার ঢল নামে। ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে দর্শকদের মন জয় করা অভিনেত্রী বাস্তব জীবনেও যেন নিজের ‘ভাগ্যলক্ষ্মী’ খুঁজে পেয়েছেন দেবাশিসের হাত ধরে।
এমকে/টিএ