© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রোলিং নয়, নম্রতায় জিতলেন স্বস্তিকা!

শেয়ার করুন:
ট্রোলিং নয়, নম্রতায় জিতলেন স্বস্তিকা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সমাজমাধ্যমে তারকাদের নিয়ে কটাক্ষ যেন নিত্যদিনের চিত্র। সংলাপ, সাজপোশাক কিংবা অভিনয়ের ভঙ্গি—সবকিছু নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতা-অভিনেত্রীদের। অনেক সময় এসব মন্তব্য এড়িয়ে যান শিল্পীরা। তবে সম্প্রতি এক ভিন্ন ঘটনার সাক্ষী থাকল নেটদুনিয়া। অভিনেত্রী স্বস্তিকা দত্ত নিজের বিরুদ্ধে তৈরি একটি কৌতুকধর্মী ভিডিওতে এমন জবাব দিয়েছেন, যা প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।

ঘটনার সূত্রপাত একটি সমাজমাধ্যম পেজে প্রকাশিত ভিডিও ঘিরে। সেখানে বর্তমানে প্রচারিত ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি-তে স্বস্তিকার অভিনীত ‘বিদ্যা’ চরিত্রের একটি আবেগঘন দৃশ্য তুলে ধরা হয়। ফুলশয্যার রাতে স্বামীর সামনে কান্নাজড়িত কণ্ঠে নিজের সরলতার কথা বলছে বিদ্যা এই সংলাপকে কেন্দ্র করেই তৈরি হয় কৌতুকাত্মক উপস্থাপনা। ভিডিওতে তাঁর অভিনয়ভঙ্গি নকল করে দেখানো হয় এবং অতিরঞ্জিত অভিনয়ের ইঙ্গিত করে মন্তব্যও করা হয়।



সাধারণত এমন পরিস্থিতিতে নীরব থাকেন অনেক শিল্পী। কিন্তু স্বস্তিকা সেই পথ বেছে নেননি। বরং ভিডিওর মন্তব্য ঘরে নিজেই লিখেছেন, তিনি হয়তো খুব ভালো অভিনেত্রী নন, তবে প্রতিটি আবেগঘন দৃশ্য যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেন। কোথাও অতিরিক্ত মনে হয়ে থাকলে পরবর্তী সময়ে আরও সচেতন থাকার কথাও জানান তিনি। একই সঙ্গে ভিডিও নির্মাতাকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছাও পাঠান।

অভিনেত্রীর এই সংযত ও আত্মসমালোচনামূলক মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অনেকেই তাঁর নম্রতা ও ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। ভিডিও নির্মাতাও পরে জানান, এটি কেবল বিনোদনের উদ্দেশ্যে তৈরি, কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না।

ঘটনার পর সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কৌতুক ভিডিওর পক্ষে মত দিয়েছেন, আবার কেউ ট্রোলিং সংস্কৃতির সমালোচনা করেছেন। তবে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে স্বস্তিকা দত্তের শান্ত, ভদ্র ও পরিমিত জবাবই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁর এই মানসিকতায় মুগ্ধ হয়েছেন সহকর্মী ও অনুরাগীরা।

এমকে/টিএ

মন্তব্য করুন