সুষ্ঠু নির্বাচনেই প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সরকার: আমানউল্লাহ আমান
ছবি: সংগৃহীত
০৩:৪৭ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সাবেক ডাকসুর ভিপি ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়েই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ঢাকার কেরানীগঞ্জে উপজেলা পর্যায়ের ও সংসদীয় ঢাকা-২ আসনের আওতাধীন সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
জনগণের প্রত্যাশা অনুযায়ী কেরানীগঞ্জে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদকমুক্ত ও ভূমি দখলমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন আমানউল্লাহ আমান। শুরুতে তিনি সবার সঙ্গে পরিচয় পর্ব শেষে সৃষ্টিকর্তা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য।
এসময় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, জনগণ যেই প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করব। ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পিতভাবে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে অন্তত ১০ ফুট করে জায়গা খালি রেখে ওয়াল-বাড়ি নির্মাণ করতে হবে। এতে ভূমি মালিকরাই উপকৃত হবেন।
আমান বলেন, শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ করতে হবে, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। সড়কে ল্যাম্প পোস্ট স্থাপন করতে হবে। বিভিন্ন সড়কের ম্যানহোলের ঢাকনা লাগাতে হবে। আমরা শ্রমিকের মতো কাজ করব, সেবকের মতো কাজ করব।
তিনি আরো বলেন, বেশ কিছু ছোট বড় ব্রিজের রেলিং ৩ মাসের মধ্যে মেরামত করতে হবে। যানজট নিরসনে আটিবাজার, কলাতিয়া বাজার, রোহিতপুর, কোনাখোলা ও খোলামোড়া সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে। কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
কেরানীগঞ্জে মাদক বিক্রেতা ও সেবনকারী কেউ থাকবে না, যদি আমার দলের নাম ভাঙিয়ে কেউ এসব করে তাকেও আটক করা হবে। প্রয়োজনে অভিযানে আমি নিজে উপস্থিত থাকব।
এ ছাড়াও কেরানীগঞ্জে কোনো ভূমি দখল চলবে না বলেও জানান এই সংসদ সদস্য।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তারাসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসএস/টিএ