বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি, নিহত ১
ছবি: সংগৃহীত
০৪:১৩ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জেএসএসের এক সদস্য নিহত হয়েছেন। তবে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুরুং বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড গুলি এবং একটি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, ‘সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে জেএসএসের এক সদস্য গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।’ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির বিষয়ে আরো তথ্য সংগ্রহে কাজ করছে।
এসএস/টিএ