কক্সবাজারে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
০৯:২৮ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
কক্সবাজারের ঈদগাঁওতে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা ফরেস্ট বিট এলাকায় এ অভিযান চালানো হয়।
তিনি জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে বনকর্মীরা ২০০৯-১০ সনের উডলট বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আকাশমনি গাছ কাটার সময় দুইজনকে আটক করা হয়, এসময় অপর একজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, ঈদগাঁও ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর ও একই এলাকার এজাহের মিয়ার ছেলে মোহাম্মদ মনির। বন বিভাগের দাবি, আটককৃতদের সহযোগী হুমায়ুন কবির প্রকাশ কালু অন্ধকার ও দুর্গম পাহাড়ের দিকে পালিয়ে যায়।
অভিযান শেষে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ৭.৬৬ ঘনফুট কর্তিত আকাশমনি কাঠ। গাছ কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বনসম্পদ রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না। পলাতক আসামি কালুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বনভূমি রক্ষায় এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
আরআই/টিকে