© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ দোকান ও ৫ বসতঘর পুড়ে ছাই

শেয়ার করুন:
পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ দোকান ও ৫ বসতঘর পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০০ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, পাঁচটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাজারের চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশে মাইনুল ইসলামের চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের চায়ের দোকান, ফার্মেসি, মুদি, কসমেটিকস, হার্ডওয়্যার ও হোটেলসহ ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং পাঁচটি বসতঘরে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার বলেন, 'রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।'

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল ও সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। বাজারে থাকা প্রায় ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির মতো পুড়ে গেছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

নেছারাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. কলীম উল্লাহ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস রওয়ানা হলেও যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমআই/

মন্তব্য করুন