রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে প্রাণহানি ১, আহত ১৮
ছবি: সংগৃহীত
১০:৪৪ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
রাজবাড়ী সদরের বেথুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতর শেখ (৫৫) সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের সূর্য মিয়া ও কুদ্দুস শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই সোমবার সকালে সূর্য মিয়া তার সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এতে কুদ্দুস শেখ, খালেক শেখ, বারেক শেখসহ উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন।
আহতদের মধ্যে ১৬ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ মারা যান।
সোমবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) রাসেল মোল্লা। তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সকালে মারামারির ঘটনা ঘটে।
বিকেলে আহতদের মধ্যে আতর আলী নামে একজন মারা যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলছে।
এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
টিজে/টিকে