জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ২ উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
০২:৫৬ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য ড. হারুন-অর-রশিদ এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করেছে। এ বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এ জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
উল্লেখ্য, হারুন-অর-রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালের ৬ মার্চ প্রথমবার উপাচার্য হিসেবে কার্যভার গ্রহণ করেন। ২০১৭ সালের মে মাসে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নিযুক্ত হন।
পরে ২০২১ সালের ৫ মার্চ তাঁর দ্বিতীয় মেয়াদের সময়কাল শেষ হয়। ২০২১ সালের মে মাসে মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।
এসকে/টিএ