সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ২ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
০৩:১৬ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ম আদালত কক্সবাজার। মারামারি ও দোকান ভাঙচুরের ঘটনার একটি মামলায় তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। একই মামলায় অভিযুক্ত অপর চারজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ ২০১৭ সালে দোকান ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার নথিপত্র ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে এক নম্বর আসামি ফয়েজুল ইসলামকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে অপর চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
উল্লেখ্য, নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমানের অনুপস্থিতিতে জনস্বার্থে ও দৈনন্দিন দায়িত্ব পরিচালনার জন্য ২০২৫ সালের ৬ মার্চ ইউনিয়ন পরিষদ মেম্বার দণ্ডিত মেম্বার ফয়েজুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
এসকে/টিএ