ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন
ছবি: সংগৃহীত
১০:৪১ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বোর্জে ব্রেন্দে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার ইমেইল ও টেক্সট বার্তা বিনিময়ের খবর প্রকাশিত হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন, যদিও তার পদত্যাগপত্রে এপস্টেইনের নাম উল্লেখ করা হয়নি।
এক বিবৃতিতে ফোরামের ভাইস প্রেসিডেন্ট আন্দ্রে হফমান ও ল্যারি ফিঙ্ক জানান, অস্থায়ী প্রধান ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যালোইস জিভংগি।
২০১৭ সাল থেকে ডব্লিউইএফের নেতৃত্বে থাকা ব্রেন্দে বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে যে তিনি এপস্টেইনের সঙ্গে তিনটি ব্যবসায়িক নৈশভোজে অংশ নিয়েছিলেন এবং তার সঙ্গে ইমেইল ও টেক্সট বার্তা বিনিময় করেছিলেন- এ তথ্য প্রকাশের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘সতর্ক বিবেচনার পর আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে কাটানো সাড়ে আট বছর আমার জন্য গভীরভাবে পরিতৃপ্তিদায়ক ছিল।’
তিনি আরো বলেন, ‘আমার সহকর্মী, অংশীদার ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অসাধারণ সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। আমি মনে করি, কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই ফোরাম যেন তার গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিতে পারে- এখন সেই উপযুক্ত সময়।’
ব্রেন্দে তার বিবৃতিতে এপস্টেইনের নাম উল্লেখ করেননি।
হফমান ও ফিঙ্ক জানান, ব্রেন্দের এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহিরাগত আইনি পরামর্শকের নেতৃত্বে পরিচালিত একটি স্বাধীন তদন্ত সম্পন্ন হয়েছে।
সূত্র : আনাদেলু এজেন্সি
এসকে/টিকে