ভারতীয় বিএসএফের গুলিতে প্রাণ গেল ২ পাকিস্তানি নাগরিকের
ছবি: সংগৃহীত
০৮:১২ এএম | ০৩ অক্টোবর, ২০২৬
কাসুরে পাকিস্তান-ভারত আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিনা উস্কানিতে চালানো গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, পাঞ্জাবের লাধার গ্রামের তিন পাকিস্তানি নাগরিক একটি সীমান্ত স্তম্ভের মাত্র কয়েক পা এগিয়ে যাওয়ায় বিএসএফ কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই তাদের লক্ষ্য করে গুলি চালায়। নিহতরা হলেন লাধারের জত্তান ওয়ালি হাভেলির বাসিন্দা আজমত রসুল শাহ এবং মহসিন জাট।
নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ওই তিন নাগরিকই সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন এবং তাদের কেউই সীমান্ত বেড়া পার হওয়ার চেষ্টা করেননি। এই গুলিবর্ষণকে সম্পূর্ণ বিনা উস্কানিমূলক বলে বর্ণনা করে সূত্রগুলো জানায়, এটি সীমান্ত চুক্তি ও প্রতিষ্ঠিত আদর্শ কার্যপ্রণালীর (এসওপি) প্রকাশ্য লঙ্ঘন। এদিকে, ভারতীয় গণমাধ্যম ওই বেসামরিক নাগরিকদের 'অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করেছে, যাকে মিথ্যা অজুহাতে চালানো অভিযান হিসেবে চিত্রিত করার ভারতীয় প্রবণতার প্রতিফলন বলে মনে করছে সূত্রটি।
ভারতীয় বাহিনীর এই পদক্ষেপ এমন এক সময়ে সামনে এলো, যার ঠিক একদিন আগেই পাকিস্তানি সামরিক বাহিনী ভারতের একটি মিথ্যা অভিযানের দাবি নস্যাৎ করে দিয়েছে। ভারত দাবি করেছিল যে, অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেক) একটি সাজানো সংঘর্ষের সময় তারা একজন সাবেক পাকিস্তানি সেনাকে হত্যা করেছে।
কিন্তু ভারতের এই দাবি মিথ্যা প্রমাণ করতে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সেই অবসরপ্রাপ্ত স্পেশাল সার্ভিসেস গ্রুপের কমান্ডো হাবিলদার মুহাম্মদ আসিফকে জীবিত অবস্থায় গণমাধ্যমের সামনে হাজির করেন। তিনি নিজেই নিশ্চিত করেন যে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং পাকিস্তানেই বসবাস করছেন।
সূত্র: জিও নিউজ
কেএন/এসএন