© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এপস্টিন বিতর্কে ক্ষমা চাইলেন বিল গেটস; স্বীকার করলেন দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা

শেয়ার করুন:
এপস্টিন বিতর্কে ক্ষমা চাইলেন বিল গেটস; স্বীকার করলেন দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২১ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে যোগাযোগ এবং নিজের অতীতের কিছু ব্যক্তিগত আচরণের দায় স্বীকার করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। নিজের দাতব্য প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নিয়ে খোলামেলা কথা বলেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, 'বিল গেটস অত্যন্ত স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন এবং কর্মীদের বেশ কিছু প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছেন।'

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বৈঠকে বিল গেটস কর্মীদের কাছে ক্ষমা চেয়ে স্বীকার করেছেন যে দুজন রুশ নারীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, যা পরে এপস্টিন জেনে ফেলেছিলেন। তবে এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, 'আমি অবৈধ কিছু করিনি, অবৈধ কিছু দেখিওনি।'

তিনি বলেন, তিনি কখনোই এপস্টিনের আশেপাশে থাকা নারী বা কোনো ভুক্তভোগীর সঙ্গে সময় কাটাননি। কর্মীদের উদ্দেশে বিল গেটস বলেন, 'আমার ভুলের কারণে অন্য যাঁরা এই পরিস্থিতিতে জড়িয়ে পড়েছেন বা বিব্রত হয়েছেন, তাঁদের কাছে আমি ক্ষমা চাইছি।'

তথাকথিত 'এপস্টিন ফাইল'-এ কিছু নারীর সঙ্গে বিল গেটসের ছবি পাওয়া গিয়েছিল। এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, বৈঠকের পর এপস্টাইনের অনুরোধে তাঁর সহকারীদের সঙ্গে ওই ছবিগুলো তুলেছিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে জেফরি এপস্টাইনের সঙ্গে প্রথম দেখা করেন বিল গেটস। তখন অপ্রাপ্তবয়স্ক নারীদের যৌনকর্মে বাধ্য করার অভিযোগে এপস্টিন এরই মধ্যে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন। 

বিল গেটস আরও জানান, ২০১৪ সাল পর্যন্ত তাঁদের মধ্যে যোগাযোগ ছিল এবং তাঁরা দেশের বাইরেও দেখা করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি কখনও এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে যাননি এবং তাঁর বাড়িতে রাতও কাটাননি।

সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এই সম্পর্কের বিষয়ে সন্দেহ প্রকাশ করলেও গেটস যোগাযোগ চালিয়ে গিয়েছিলেন। সে কথা স্বীকার করে তিনি বলেন, 'এপস্টাইনের ব্যাপারে ও (মেলিন্ডা) শুরু থেকেই সন্দিহান ছিল। এ জন্য ওকে কৃতিত্ব দিতেই হয়।'

এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণ হিসেবে গেটস জানান, এপস্টাইন নিজেকে প্রভাবশালী ধনকুবেরদের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন, এবং দাবি করেছিলেন, বিল গেটসের দাতব্য কাজের জন্য বড় অংকের তহবিল সংগ্রহে তিনি সহায়তা করতে পারবেন।

গেটস ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, এপস্টাইন বড় অংকের দাতব্য তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে ফাউন্ডেশনের কয়েকজন কর্মী তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

তবে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে কোনো ধরনের অংশীদারত্ব বা লেনদেন হয়নি। এমনকি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে কোনো অর্থও দেওয়া হয়নি।

এমআই/টিএ

মন্তব্য করুন