বরিশালে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১০
ছবি: সংগৃহীত
০১:০৩ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ১০ যাত্রী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা প্রান্তে নতুনহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ইসলাম পরিবহনের চালক। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকা অতিক্রম করছিল। একই সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের অপর একটি বাস অতিক্রমকালে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত হন।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে। একজন মৃত্যু অবস্থায় এসেছে তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
এমআই/টিএ