© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের ওপর হামলা, নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

শেয়ার করুন:
পুলিশের ওপর হামলা, নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৯ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধার অভিযোগে আটক এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মামুন মিয়া। তিনি দলটির স্থানীয় একটি ইউনিয়ন শাখার সদস্য সচিব ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্ত গ্রামে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। অভিযোগ ওঠে, ওই অভিযান চলাকালে একদল লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন এবং হামলা চালান।
  
এই ঘটনায় বল প্রয়োগের মাধ্যমে ‘মব’ সৃষ্টি, সরকারি কাজে বাধা, হামলা এবং মাদকসহ চোরাকারবারি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় মামুন মিয়াসহ মোট ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ জেলহাজতে পাঠিয়েছে।
 
এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) বলেন, ‘দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠলে সংগঠন তা কখনো প্রশ্রয় দেয় না। মামলায় অভিযুক্ত হওয়ার পর প্রাথমিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তিনি আরও জানান, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এমআই/টিকে

মন্তব্য করুন